ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না উল্লেখ করে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ধর্ম মন্ত্রণালয় হাজিদের সেবা দিয়ে থাকে। আগামী বছর যে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেজ চালু করতে যাচ্ছি।
গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণরত ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইমামরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মাদক ও অসামাজিক কর্মকা- প্রতিরোধে দায়িত্ব পালন করছেন। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ নিতে পারছেন। ইমামদের উন্নয়নের জন্য “ইমাম” নামে মিনারেল ওয়াটারের একটি প্রজেক্ট চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।’
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসান, দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক আলমগীর হায়দার।
