যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশ সুদানে বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ। যুদ্ধের বিভীষিকায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছে এসব মানুষ। গত মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ এ তথ্য দেন। বাস্তুচ্যুত এসব নাগরিকের কেউ কেউ দেশের ভেতরে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। আবার কেউ সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।
অ্যামি পোপ জানান, দেশটির ১ কোটি ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ৩১ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। গৃহযুদ্ধকবলিত দেশটিতে গত মাস ধরেই প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে বাস্তুচ্যুত হওয়া কিছু মানুষকেও এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক।
গত বছরের ১৫ এপ্রিল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান। আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সশস্ত্র বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান হেমেদতি দাগালোর অনুসারী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই লড়াই চলছে। একসময় মিত্র ছিল দুই বাহিনী।
