নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুরনবী ও দোলন নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নানের বাড়িতে হানা দেয় চার গরু চোর। টের পেয়ে গ্রামের মসজিদের মাইকে ঘটনাটি প্রচার করা হয়। এ সময় গণপিটুনিতে তিনজন নিহত এবং অন্যজন পালিয়ে যায়।
এদিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৬ জনসহ ১৮ জনকে আটক করেছে। নিহতের নাম জাফর উল্লাহ (৪২)। তিনি ফেনীর সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।
