টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির দ্বার। গতকাল বুধবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই। তিনি পর্যটকদের রাঙ্গামাটি ভ্রমণের আহ্বান জানান। তিনি আরও বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন রাঙ্গামাটির পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙ্গামাটি হাউজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, দেশের পটপরিবর্তন, রাঙ্গামাটিতে নানা সংঘাতসহ বিভিন্ন পরিস্থিতির কারণে দীর্ঘদিন রাঙ্গামাটি পর্যটকশূন্য ছিল। এর মধ্যেই গত ৮ তারিখ থেকে পর্যটকদের রাঙ্গামাটি ভ্রমণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা শুরু হয়।
