ঋণের টাকা ফেরত না দেওয়ায় সাকিবের কম্পানিকে আইনি নোটিশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

নতুন করে আইনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তার মালিকানাধীন 'সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড'-এর কাছে ঋণের টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক। গতকাল বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে এই নোটিশ দেয়।

লিগ্যাল নোটিশে ব্যাংকটি জানায়, 'সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড'- এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে ১.০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করেছে।

ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন 'সাকিব আল হাসান এগ্রো ফার্ম'। ২০২১ সাল থেকে কম্পানিটি বন্ধ আছে বলে জানা যায়।

ব্যাংকটি আরও জানায়, সুদে-আসলে বর্তমানে সাকিবের কম্পানির কাছে মোট পাওনা ৪ দশমিক ১৪ কোটি টাকা। নোটিশে বলা হয়েছে, ‘এই নোটিশ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কম্পানিটিকে ব্যাংকটির মোট পাওনার ৪.১৪ কোটি টাকা শোধ করতে হবে। এ সময়ের মধ্যে পরিশোধ না হলে সাকিবের কম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত