ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:৫৬ এএম

রাজধানীর চকবাজার এলাকায় বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. জীবন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে সাততলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে জীবনকে হত্যা করা হয়েছে। তিনি একটি পাইকারি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। চকবাজারের মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে আমজাদ মিয়ার ভবনের সাততলায় পরিবারের সঙ্গে থাকতেন।

জীবনকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা জিয়াউদ্দিন অভিযোগ করেন, ওই ভবনের কেয়ারটেকার লতিফের (৪০) মোবাইল দুই-তিন দিন আগে হারিয়ে যায়। তারা এ নিয়ে জীবনকে সন্দেহ করেন। বৃহস্পতিবার লতিফ ও তার ছেলে শাওন (১৮) স্থানীয় লোকজন নিয়ে জীবনকে ছাদে ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন বলেন, মৌলভীবাজার এলাকায় এক তরুণ ছাদ থেকে পড়ে মারা গেছে। তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ করা হয়েছিল। ওই যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত