গণ-অভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি : নুর

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ এএম

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।

গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি।

নুর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবে না। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।

এ সময় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত