রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৯ এএম

রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এই  বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন স্টেশনে আটকা পড়ে। মধুমতি এক্সপ্রেস ট্রেন ৩৫ মিনিট ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট স্টেশনে আটকা ছিল।

বিক্ষোভকারীরা বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী থেকে সরিয়ে নিয়ে যশোর-ঢাকা রুটে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এতে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ ট্রেনসেবা থেকে বঞ্চিত হবে। তারা এই রুট থেকে ট্রেন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে ট্রেনের রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত আমাদের কাছে লিখিত বা মৌখিক কোনোভাবেই জানানো হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত