ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার হেরেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। লিভারপুল শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটনের বিপক্ষে। তাতে পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন। লিভারপুল দুই থেকে উঠেছে শীর্ষে, দুইয়ে নেমে গেছে ম্যানসিটি, আর্সেনাল নেমেছে চারে আর তিনে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট।
গেল মৌসুমে দশম রাউন্ড শেষে আর্সেনাল ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে। শেষ পর্যন্ত তারা দুইয়ে থেকেই শেষ করে লিগ। তখন শীর্ষে থাকা দলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিল গানাররা। এবার দশম রাউন্ড শেষে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে মিকেল আর্তেতার দল। অনেকেই বলছেন, ১০ রাউন্ড শেষেই শিরোপার সম্ভাবনা শেষ হয়ে গেছে আর্সেনালের। এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আর্তেতাকে, তিনি বলেন, ‘৮, ৯ বা ১০ ম্যাচ পর গত বছর আমরা (শিরোপা লড়াই) এ নিয়ে কথা বলিনি এবং এখনো আমরা বলব না। (এই পরিস্থিতিতে) দল কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই বিষয়। এখন আমরা কেমন বোধ করছি, তা বোঝানোর জন্য সঠিক শব্দ বা উত্তর খুঁজব না আমরা। বুধবার রাতে ইন্তার মিলানের বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগ ম্যাচে) আমাদের তা দেখাতে হবে।’
