২২ শিরোপাজয়ী দুদল মুখোমুখি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০১:৪৫ এএম

চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ১৫ বারের চ্যাম্পিয়ন তারা। যদি প্রশ্ন করা হয় ইউরোপসেরা এই টুর্নামেন্টে দ্বিতীয় সফল দল কারা? যারা ভালো করে খোঁজ রাখেন বলতে পারবেন, অনেকে হয়তো আবার দ্বিধায় পড়বেন। দ্বিতীয় সফলতম দলটি সবশেষ এই টুর্নামেন্ট জিতেছে ২০০৬-০৭ মৌসুমে। সেটি ইতালিয়ান ক্লাব এসি মিলান (৭)। এই পরিসংখ্যান মনে করিয়ে দেওয়ার কারণ, আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান।

মিলানে আছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। যুব দলের শেষ ভাগটা মোরাতা খেলেছেন রিয়ালে। পরে রিয়াল মূল দলেও খেলেছেন। সবশেষ ২০১৬-১৭-তে খেলে ছাড়েন রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের হয়েও খেলেছেন মোরাতা। আতলেতিকোর হয়ে রিয়ালের মাঠে খেলতে গেলেই দুয়ো শুনতে হতো মোরাতার। এবারও মিলানের হয়ে খেলতে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন মোরাতা। এ নিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত আমার মনে হয়, আতলেতিকোর সঙ্গে সেখানে (বার্নাব্যুতে) যাওয়ার পর যেমন হতো, এখনো একই অবস্থা হবে। আমার মনে হয় না পরিস্থিতি খুব একটা বদলেছে। তবে আমি এ ব্যাপারে সচেতন এবং আশা করি তারা আমাকে এবং সব কিছুতে দুয়ো দেবে। এটা স্বাভাবিক।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত