কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেবিদ্বার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ২৫ জন যাত্রী আহত ও ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানে পেছনে থাকা একটি বাস এসে ধাক্কা দিলে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায় বাসটি। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
তারা আরও জানান, দুর্ঘটনার পরে মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দেবিদ্বার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় রেকার ছাড়া এই ট্রাক-কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হবে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেত্রকোণায় অস্ত্রসহ ৩ যুবক আটক
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে নির্ধারিত সময়সীমা নির্ধারণের দাবি