স্কালোনির আস্তিন থেকে বের হলো আরেক এনজো

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণায় সবচেয়ে আলোচিত নাম এনজো ব্যারেনেচিয়া।  বর্তমানে স্পেনের ভ্যালেন্সিয়ায় খেলছেন এই ২৩ বছরের মিডফিল্ডার। ভিলা মারিয়া, কোর্ডোবার এই তরুণ ফুটবলার শৈশবে নিউয়েলসের যুব দলে খেলা শুরু করেছিলেন, তবে প্রথম বিভাগের অভিষেকের আগেই সুইজারল্যান্ডের ক্লাব সিয়নে যোগ দেন। ২০১৯ সালে নিউয়েলস ছাড়ার বিষয়ে তিনি বলেন, “জুভেন্টাসের প্রস্তাব পাওয়ার সময় আমি খুবই দ্বিধায় ছিলাম। নিউয়েলসে খেলা এবং সেখানে অভিষেক করাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু এটি আমার ক্যারিয়ারের জন্য বড় এক পদক্ষেপ এবং ক্লাবের জন্যও অর্থনৈতিক সহায়তা ছিল।"

এনজোর ফুটবল যাত্রায় সত্যিকারের মাইলফলক ২০২২ সালের ২ নভেম্বর, যখন তিনি জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে মাঠে নামেন। মাঠে ছিলেন লিওনেল মেসি, যার সঙ্গে দেখা করার মুহূর্তটি এনজোর স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। “সেই দিনটা ছিল অসাধারণ একদিন যা আমি কখনো ভুলব না। যদিও ম্যাচটি ছিল আমার অভিষেক, মেসির সঙ্গে দেখা করাই আমার জীবনের সবচেয়ে সুন্দর। তাকে জড়িয়ে ধরে বলেছিলাম আমি তাকে কতটা ভালোবাসি," স্মৃতিচারণ করেন এনজো।

প্রতিভাবান খেলোয়াড়র এই উত্থানে বাধা আসে তার ক্রুসিয়েট লিগামেন্টের চোটে। জুভেন্টাসে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর তিনি খেলতে চলে যান সিরি আ-র ক্লাব ফ্রোসিননে, যেখানে তিনি ৩৯টি ম্যাচ খেলেন এবং প্রথম গোলটি করেন নাপোলির বিপক্ষে এক ম্যাচে। 

এই অসাধারণ পারফরম্যান্সই আবার লিওনেল স্কালোনির নজরে এনজোকে নিয়ে আসে। ২০১৮ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এনজো বলেন, “একদিন শারীরিক থেরাপি করার সময় আমার বন্ধু মাটি সোলে এসে বলল, স্কালোনি এক সাক্ষাৎকারে আমাদের নাম নিয়েছেন, তিনি আমাদের দিকে নজর রাখছেন। এটি ছিল খুবই আনন্দের একটি মুহূর্ত, যেন স্বপ্ন পূরণের পথে এক ধাপ।”

এই বছর আবারও তিনি ফিরে আসেন জুভেন্টাসে, কিন্তু যোগ দেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলায়, যেখানে এমিলিয়নো মার্তিনেজের সঙ্গে মাত্র কয়েক দিন ছিলেন। কিছুদিনের মধ্যেই তাঁকে ধারে ভ্যালেন্সিয়ায় পাঠানো হয়, যেখানে তিনি ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে একবার গোল করেন। 

১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ২০ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ দুটির জন্য কোচ স্কালোনির ঘোষিত দলে জায়গা হয়নি পাওলো দিবালার। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও। তবে চোট কাটিয়ে দলে ফিরছেন জুভেন্তাস উইঙ্গার নিকোলাস গঞ্জালেস।

চোটের আশঙ্কা থাকলেও ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো জায়গা করে নিয়েছেন দলে।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনজালো মনতিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পাজেল্লা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিওভান্নি লো সেলসো, এনজো ব্যারেনেচিয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়োনানত্তে, নিকো পাজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাসতেয়ানোস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত