এক দিনে বছরের সর্বোচ্চ ১৩৭০ ডেঙ্গু রোগী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

দেশে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৭০ জন রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা এ বছর এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ভর্তি রোগী। এর আগে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত বছরের ১৬ নভেম্বর, ১ হাজার ৪২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জন মারা গেছে। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। বেশি মারা গেছে ঢাকা উত্তর সিটিতে দুজন। বাকিদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটিতে একজন করে মারা গেছে। এ নিয়ে এ মাসের পাঁচ দিনে ডেঙ্গুতে ২৯ জন মারা গেল। বছরে মৃত্যু দাঁড়াল ৩২৬ জনে। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮ ও সর্বনিম্ন একজন করে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে। নতুন রোগীদের মধ্যে পুরুষ ৮৩৫ ও নারী ৫৩৫ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৬৮ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ২৫৯, ঢাকা দক্ষিণে ২৪৮, চট্টগ্রাম বিভাগে ১৪৪, খুলনা বিভাগে ১৩৫, বরিশাল বিভাগে ১২২, ময়মনসিংহে ৩৯, রাজশাহী বিভাগে ২৮ ও রংপুর বিভাগে ২৭ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে এ মাসের পাঁচ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩২১ জন। অর্থাৎ দৈনিক গড়ে এক হাজার করে রোগী ভর্তি হয়েছে। এই পাঁচ দিনের রোগীর সংখ্যা বছরের চতুর্থ সর্বোচ্চ। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে গত মাসে ৩০ হাজার ৮৭৯ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ ও তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ৫২১ জন আগস্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত