নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামাণিক (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের সিরাজদীখানে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারী খুন হন।
সিংড়ায় নিহত এরশাদ আলী চৌপুকুরিয়া গ্রামের মৃত ছবি প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে এরশাদ প্রামাণিকের সঙ্গে তার ভাতিজা আহসান ও মশালের বাগবিতন্ডা হয়। এ সময় আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আহসান ও মশাল তাকে কিল-ঘুসি মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার উত্তর মালবদিয়া গ্রামে খুন হওয়া লিপি আক্তার (৩৫) মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বাথরুমে যান লিপি আক্তার। ঘরের ছিল তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার। বাথরুম থেকে মায়ের ফিরতে দেরি হওয়ায় তারা ঘরের বাইরে বের হয়। এ সময় তারা ঘরের বাইরে মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রীকে খুন করা হয়েছে। কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
