গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাহমুদুল হাসান বরমী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার ছেলে কামরুল হাসান শিবলী যুবদল নেতা। ঘটনার সময় দুজনই বাড়িতে ছিলেন। গুলিতে ঘরের জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে।
যুবদল নেতা কামরুল ইসলাম শিবলী বলেন, ‘হঠাৎ মধ্যরাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই।’ তিনি দাবি করেন, তার ছোট ভাই ও তার ঘর লক্ষ্য করে গুলিগুলো ছোড়া হয়েছে। তার ঘরে দুটি ও তার ছোট ভাইয়ের ঘরে একটি গুলি ছোড়া হয়।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’
