দেশের বেসরকারি মেডিকেল কলেজের এ বছরের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ফি নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা, ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা ও টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।
এর মধ্যে ভর্তি ফি ও ইন্টার্নশিপ ফি তিন ধাপে জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রথম ধাপে অর্থাৎ ভর্তির সময় দিতে হবে ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে বা প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় ২০ শতাংশ ও বাকি ২০ শতাংশ ফি তৃতীয় ধাপে বা তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সময় জমা দিতে হবে।
গত বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনো একত্রে আদায় করা যাবে না। সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না বলেও সতর্ক করা হয়।
গত বছরও একই পরিমাণ ফি ছিল। এর আগে ২০১৮ সালে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। অর্থাৎ এক লাফে ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে ভর্তি ফি কমানোর দাবি জানানো হলেও এবারও বর্ধিত ফিতেই ২০২৪-২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আগামী বছরের ১৭ জানুয়ারি এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
