ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমার অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা ঈদগাহ ও খেলার মাঠে আয়োজন করা হয়েছে এই ইজতেমার। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা যায় আশপাশের এলাকা জুড়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। বিভিন্ন জেলা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা এ ইজমেতায় গতকাল জুমার নামাজ আদায় করেন। এটি জেলার স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়ের চিত্র। বাউসা ঈদগাহ ও খেলার মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, বাসাবাড়ির উঠান ও ছাদে বসেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে। জুমার নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল তাবলিগ জামাতের পেশ ইমাম। এর আগে ফজরের নামাজের পর ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি সৈয়দ আনিসুজ্জামান আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। নিরাপত্তার জন্য সেখানে সার্বক্ষণিক পুলিশ দায়িত্ব পালন করছে।
ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, প্রায় ২৫ হাজার লোকের সমাগম ঘটানো হয়েছে এই ইজতেমায়। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আসছেন তাবলিগি সাথীরা। এই ইজতেমা থেকেই সবাই জমায়েত হবেন টঙ্গী বিশ্ব ইজতেমায়। এরপর সারা বিশ্বে দীনের দাওয়াত নিয়ে বেরিয়ে যাবেন তাবলিগ জামাতের সাথীরা। ইজতেমায় অসুস্থদের সেবার জন্য একটি মেডিকেল টিমের পাশাপাশি স্থানীয় একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করবে।
