মিশন থেকে ফিরেই জাতীয় সাতারে রোমানার রেকর্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শনিবার শুরু হয়েছে ম্যাক্সগ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ৪টি নতুন জাতীয় রেকর্ড। তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা আক্তার।

প্রথম দিনেই মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা। রোমানা সময় নেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড।

রোমানার এই কীর্তি আরও বড় হয়ে ওঠে যখন জানবেন, সেনাবাহিনীর চাকরির সুবাদে জাতিসংঘ মিশনে সুদানে গিয়েছিলেন রোমানা। সেখানে জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতেন একজন সৈনিক হিসেবে। সেখান থেকে দেড় বছর মিশন শেষ করে দেশে ফেরেন গত বছর সেপ্টেম্বরে। এরপর প্রথম জাতীয় সাঁতারে অংশ নিয়েই করলেন বাজিমাত।

রোমানা বলেন, 'সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য খুব ভালো লেগেছে।'

সুদানে অনুশীলনের কোনও সুযোগ ছিল না জানিয়ে রোমানা বলেন, 'ওই সময় ট্রেনিংয়ে থাকতে পারতাম না। সাঁতার থেকে পুরোপুরি দূরে ছিলাম। কারণ শুধু ইউএন (জাতিসংঘ) এর যে সব কার্যক্রম ছিল সেগুলো করতাম। তবে আমাদের সেনাবাহিনীর যে ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং, হালকা স্ট্রেচিং- এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখার জন্য।'

২০২১ সালে এই ইভেন্টে মরিয়ম খাতুন রেকর্ড গড়েছিলেন। তার রেকর্ড ভাঙতে পেরে খুশি রোমানা, 'আমি যে টাইমিং করেছি এটা ক্যারিয়ারে কখনও করিনি। ৪ বছর বিরতির পরও এটা করতে পেরে খুশি। আমি নিজের টাইমিং নিয়ে সন্তুষ্ট। এটা নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেডেল জেতা সম্ভব না। কারণ আমাদের দেশের চেয়ে অন্যরা অনেক বেশি সুযোগ সুবিধা পায়। ওরা অনেক ট্রেনিং করে। তবে এটাকে ধরে যদি আমি আরও ভালো করার চেষ্টা করি তাহলে খুব ভালো হবে।'

জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এর আগে বিকেল ৩ টায় জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত