মুরগির বাচ্চা ও ডিমে করপোরেট সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, রাজধানীর ১৩টি স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি রবিবার (আজ) থেকে শুরু হবে। ঢাকা সম্প্রসারিত হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেজগাঁও, কাপ্তান বাজারÑ মাত্র এই দুটি স্থানে ডিমের আড়ত রয়েছে। ভোক্তাদের সুবিধার্থে রবিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়টি ও দক্ষিণ সিটি করপোরেশনে সাতটি সাব-সেন্টারে সরাসরি ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোক্তা ডিজি বলেন, প্রান্তিক খামারিরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো থেকে মুরগির বাচ্চা, ফিড ও ভ্যাকসিন গ্রহণের যে রীতি গড়ে উঠেছিল তা থেকে খামারিদের মুক্ত করে উৎপাদন এবং বিপণন আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা যায় এর মাধ্যমে ভোক্তা ও খামারিরা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার এরই মধ্যে কিছু দ্রব্যাদির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ রোজায় অতিপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
দেশে সমাজ সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার করাও প্রয়োজন জানিয়ে মোহাম্মদ আলীম আখতার খান বলেন, আইনের শাসন অনুপস্থিত থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। বর্তমান প্রেক্ষাপটে সুশাসন নিশ্চিত করত প্রযোজ্য ক্ষেত্রে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার করতে হবে।
বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্র হলো উত্তম কোনো উদ্দেশ্য সাধনের জন্য সমবায়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের মূল্য সীমাবদ্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সে লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
ভোক্তা ডিজি বলেন, বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি সময়োপযোগী। আমি বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেছি এবং সমৃদ্ধ হয়েছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অতীতের ধারাবাহিকতায় ভোক্তাদের অনুকূলে কিছু কাজ করছে যার সুফল ভোক্তারা পাচ্ছেন।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার চিনি, গম, ভোজ্য তেলসহ পাঁচ-ছয়টি পণ্যের ওপর এলসির মার্জিন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে। তারা আসলে ব্যবসায়ী নয়, মুনাফালোভী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব ধরনের সিন্ডিকেট ভেঙে সব ব্যবসায়ীকে সমান সুযোগ দেওয়া উচিত।
