যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌপথে ৭২ ঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘোষণা দেয় নৌপরিবহন সংস্থাটি। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে কয়েকশ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে। বন্ধ ঘোষণায় অনেক যানবাহন বিকল্প পথে গন্তব্য রওনা দিতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, যমুনার পানি দ্রুতহারে কমতে থাকায় আরিচা-কাজীরহাট রুটে নাব্য সংকট সৃষ্টি হয়েছে। অবশ্য বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিট এরই মধ্যে আরিচা, চরলতিফপুর, কাজীরহাট, কল্যাণপুর, মুন্সিখোলা, ব্যাটারির চর, কৈটোলা, আউয়ালবাট, বাঘাবাড়ি, নাকালিয়া, মোহনগঞ্জ প্রভৃতি স্পর্শকাতর চ্যানেলে ড্রেজিং কার্যক্রম হাতে নিয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ম্যানেজার আবু আবদুল্লাহ বলেন, নাব্য সংকট নিরসনে জরুরিভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। তবে ফেরি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত অনন্ত ৭২ ঘণ্টা তা বন্ধ থাকবে। বিআইডব্লিউটিসির পরিচালক, বিআইডব্লিউটিএর অতিরিক্ত ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সমস্যা সমাধানে জোর চেষ্টা চলছে।
