চীনে বেসামরিকদের ওপর গাড়ি হামলায় নিহত ৩৫

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে এক গাড়ি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, একটি ছোট এসইউভি নিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারের গেট দিয়ে প্রবেশ করে সেখানে ব্যয়ামরত মানুষদের ওপর গাড়ি তুলে দেয় ৬২ বছর বয়সী চালক।

ঘটনার সময় গাড়ির ভেতরে আহত অবস্থায় ছুরি দিয়ে নিজেকে আঘাত করেন অভিযুক্ত চালক ফ্যান। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। ফ্যান বর্তমানে কোমায় আছেন। নিজের গলায় ও শরীরের অন্যান্য অংশে আঘাত করায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত