আমীর খসরু বললেন

জনগণকে বাইরে রেখে সরকারের বয়ান অগ্রহণীয়

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য হবে না।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটসের উদ্যোগে ‘টেক ব্যাক বাংলাদেশ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে খসরু এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘অনির্বাচিত সরকারের সেভাবে সংস্কার করার কোনো সুযোগ নেই। যেসব বিষয়ে সবার ঐকমত্য আছে, সেটা তারা সংস্কার করতে পারে। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে সেভাবে কোনো আপত্তিও নেই। একমাত্র সে কয়টি সংস্কার, যার মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। বাকি সংস্কারের জন্য দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান। আয়োজক সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মতিনুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) আবদুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. ইকবাল হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত