যাত্রাবাড়ীতে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুলসংখ্যক মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। সে সময় গাড়িচালক সাফি আলমকে (৩৪) গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে এ অভিযান শেষে ঘটনাস্থলেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসেট ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। গাড়িচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকার কোনো একটি মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। যে মার্কেটে নেওয়া হচ্ছিল সেখানকার তথ্য পেলে অভিযান ওই মার্কেটেও চালানো হবে। এ চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত