চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ আহমেদ নামে এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ আহমেদ (৩৭) উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। তিনি পুরনো মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজারে তার পুরাতন মোটরসাইলের দোকান রয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, পূর্ব শত্রুতা অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকা- ঘটতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশি তদন্ত চলছে। দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
