সালাহউদ্দিন আহমেদ বললেন

আন্দোলনে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০০ এএম

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সালাহউদ্দিন বলেন, ‘আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) আহতদের দেখতে গিয়ে তিনি আরও বলেন, ‘আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে। দেশে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে, আমরা বুঝি না।’ এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভির আহমেদ রবিন, বিএনপি নেতা ইশরাক হোসেন, এম এ মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসায় চায়ের দাওয়াতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ চায়ের আমন্ত্রণে গিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত