বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর ও লুটপাটের পর থেকে গাজীপুর সাফারি পার্ক বন্ধ ছিল। পার্কটি আজ শুক্রবার খুলছে।
পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে দুর্বৃত্তের হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়। ৩ মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে চালু হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আগের নাম বহাল থাকলেও বর্তমানে গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।
