সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিচারপতি ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান।
গতকাল দুপুর দেড়টার দিকে বিচারপতি ফজলুল করিমের জানাজা সুপ্রিমে কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকসহ আইনজীবীরা অংশ নেন। জানাজার পর প্রধান বিচারপতি তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের প্রতি শ্রদ্ধা রেখে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় বিভাগের প্রশাসনিক কার্যক্রম চলবে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ১৭ নভেম্বর প্রকাশিত কার্যতালিকার মামলাগুলো ২৪ নভেম্বর এবং হাইকোর্ট বিভাগের আজকের কার্যতালিকার মামলাগুলো কাল সোমবার (১৮ নভেম্বর) শুনানির জন্য গ্রহণ করা হবে।
১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদন্ডি গ্রামে ফজলুল করিম জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রিপ্রাপ্ত হন।
