হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে প্রতারনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারকচক্র মাঠে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এরূপ প্রতারকচক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র হজের রিফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাইছে। এভাবে দুয়েকটা প্রতারণার ঘটনাও ঘটেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের তথ্য চাওয়া হয় না। প্রতারকচক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরূপ কোনো তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া এ ধরনের ফোন এলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয়। ইতিপূর্বে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত