প্রধান উপদেষ্টার তহবিলের ঋণের নামে প্রতারণা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর গাছা থানার শরীফপুর আশরাফ মার্কেট থেকে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন একটি প্রতারক দলের সদস্য। তারা বিনা সুদে কিস্তিতে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৩ লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। এলাকাবাসী গাছা থানায় সংবাদ দিলে পুলিশ তল্লাশি করে টাকা গ্রহণের নামের তালিকা ও কয়েকটি টিকিট বই জব্দসহ চারজনকে আটক করে রাত ১০টার দিকে হেফাজতে নেয়।

জানা গেছে, ঋণ নিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে হবে বলে জানায় প্রতারকরা। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির খরচের কথা বলে প্রতারকরা মাথাপিছু নিয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। আর সম্মেলনে উপস্থিতির ডেলিগেট টিকিট স্বরূপ ঋণ প্রত্যাশীদের দেয় টোকেন। টোকেনধারী সবাইকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ৩ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে প্রচার করেছিল প্রতারকরা।

এই কথিত সুদমুক্ত ঋণ প্রদানের প্রতারক চক্রের গাজীপুর জেলার সমন্বয়ক নগরীর ওঝারপাড় এলাকার আবদুল মতিন ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরও চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। গ্রেপ্তার অন্য তিনজন হলেন বগুড়ার শিবগঞ্জের পুকিবাজিত এলাকার জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের আলাল (৪৫) এবং ময়মনসিংহের ত্রিশালের সাপখালি গ্রামের মিজান (৪০)। তারা গাছা থানার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

গাছা থানার ওসি আলি মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তারদের গতকাল শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত