হংকংয়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায় দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রভাবশালী নেতাসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গণতন্ত্রপন্থিদের আন্দোলন বন্ধের জন্য এই জাতীয় সুরক্ষা আইন চালু করে চীন। সেই আইনেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইন বিশেষজ্ঞ বেনি তাইকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ ও ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আন্দোলনে বেনি তাইকে ষড়যন্ত্রের সংগঠক হিসেবে উল্লেখ করেছে সরকারি কৌঁসুলিরা। বাকিদের বিদ্রোহের চেষ্টার জন্য ষড়যন্ত্র করায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
হংকংয়ে জাতীয় সুরক্ষা আইন চালুর সময় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয়েছিল। নতুন আইন চালু করে গণতন্ত্রপন্থিদের আন্দোলন প্রতিহত করার পর এটিই হংকংয়ে জাতীয় সুরক্ষা আইনের আওতায় সবচেয়ে বড় মামলা ছিল। গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে অভিযোগ, তাদের আন্দোলন হংকং সরকার ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল। সরকার নিযুক্ত বিচারপতিদের সামনে কিছু আন্দোলনকারী দোষ স্বীকার করে নেন। আরও কিছু আন্দোলনকারীকে দোষী বলে সাব্যস্ত করে আদালত। যুক্তরাষ্ট্র এই বিচারিক কার্যক্রমকে রাজনৈতিক মদদপুষ্ট বলে অভিহিত করেছে।
