চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে যেসব বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ভালো মুনাফা করেছে, তার মধ্যে উত্তরা ব্যাংক অন্যতম। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তার মূল ব্যবসায় ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৬১ শতাংশ। বিভিন্ন ব্যাংকে নগদ অর্থের সংকট থাকলেও উত্তরা ব্যাংক ভালো অবস্থায় রয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।
চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১৭টি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। ১০টির কমেছে। আর চরম সংকটে থাকা ৯টি ব্যাংক লোকসান করেছে। এ সময়ে এনসিসি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১০৮ শতাংশ। ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৬১ শতাংশ। এ সময়ে সিটি ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২ শতাংশ। তবে প্রভিশনের পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা কমে গেছে। চলতি তৃতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৬২ শতাংশের বেশি।
চলতি বছর প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সুদহার বৃদ্ধিতে অধিকাংশ ব্যাংকের নিট সুদ আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে উত্তরা ব্যাংকের সমন্বিত নিট সুদ আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫৩ শতাংশ। চলতি বছরের ৯ মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে উত্তরা ব্যাংকের সুদ আয় হয়েছে ১ হাজার ৪৫৩ কোটি টাকা। বিপরীতে আমানতের বিপরীতে সুদ ব্যয় হয়েছে ৬০০ কোটি টাকা। ফলে এ সময়ে নিট সুদ আয় হয়েছে ৮৫৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৫৬ কোটি টাকা।
চলতি বছর ৯ মাসে উত্তরা ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ১ হাজার ২৭৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৮ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে সমন্বিত পরিচালন আয় ছিল ৯৭০ কোটি টাকা। চলতি ৯ মাসে ব্যাংকটির বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ, ব্রোকারেজ ও অন্যান্য আয়ে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে পরিচালন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৪ কোটি টাকা বেড়ে ৫৩৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। পরিচালন ব্যয় সমন্বয় শেষে চলতি বছর প্রথম ৯ মাসে উত্তরা ব্যাংকের সঞ্চিতি পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ৭৪৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১ দশমিক ৮ শতাংশ বেশি।
চলতি বছর ৯ মাসে ১৩২ কোটি ৫০ লাখ টাকা সঞ্চিতি বাবদ সংরক্ষণ করেছে। আর এ সময় কর পরিশোধ করেছে ২৯৮ কোটি টাকা। ফলে কর পরিশোধের পর চলতি ৯ মাসে উত্তরা ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৩১৫ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯৫ কোটি ৯০ লাখ টাকা।
