বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব দলের ঐক্য এখন সময়ের একক দাবি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দলকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের আত্মগোপনে থেকে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার রুখে দিতে হবে।
গত শুক্রবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ।
