গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘অতীতে সব স্বৈরাচার সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নতুন নির্বাচন কমিশনকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে ভোটের অধিকার কেউ হরণ করতে না পারে। এজন্য আগামী নির্বাচনের আগেই গণ-অভ্যুত্থানের চেতনাধারী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘উন্নয়নের নামে জনগণের টাকা পকেটে তুলে বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের রাজাকারের নাতি আখ্যা দিয়ে আত্মসম্মানে আঘাত হানলেন, তখন তারা দেশের মর্যাদা রক্ষায় জীবন দিয়ে আন্দোলন শুরু করেছিল। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করেছিলেন হাসিনা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি।’
তিনি আরও বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জেনারেল আজিজ তার খুনি ভাইদের সুরক্ষা দিয়ে গেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আইজিপি বেনজীরের মতো আমলারা কেবল ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েছেন।
