পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকাল থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী শহরে আসতে থাকেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা। আর পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষও ঘটেছে। কর্মসূচিতে আসা বেশ কিছু নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে পিটিআই। কয়েকটি জায়গায় পিটিআই সমর্থকদের লক্ষ্য করে টিয়ারগ্যাস শেল ছোড়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। ইমরান খানের ডাকা এ কর্মসূচি আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর দিকে আসা বিভিন্ন সড়কে কনটেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকেই ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। গত ১৩ নভেম্বর ইমরান খান চূড়ান্ত ডাক কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
×
