এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর বা সংস্থায় কর্মরত চিকিৎসকরা সভা-সেমিনার, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে বছরে দুবারের বেশি বিদেশে যেতে পারবেন না। এমনকি চিকিৎসকরা নিজেদের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে যেতে পারবেন না।
গতকাল রবিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এ আদেশে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাই। আগামী ১ জানুয়ারি থেকে এ নীতিমালা কার্যকর হবে।
নীতিমালায় বলা হয়, কোনো প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুবার বৈদেশিক সেমিনার/সভা/সিম্পোজিয়াম/প্রশিক্ষণ/কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত), কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন। প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সে বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন।
এতে আরও বলা হয়, আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবমেইলে আমন্ত্রণপত্রের অনুলিপি-কপি পাঠাতে হবে। আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ (ভিসা ফি, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থা/খরচ ইত্যাদি) বহন করবে বলে সংস্থা থেকে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে।
