এনসিএলের ষষ্ঠ রাউন্ডের লড়াই জমে উঠেছিল প্রথম দিন থেকেই। সুমন খানের হ্যাটট্রিকসহ ৭ উইকেট। তার পেস তোপে রাজশাহীর ৪২ রানে গুটিয়ে যাওয়া জাতীয় লিগে সর্বনিম্ন দলীয় স্কোর। সেদিনই প্রায় নিশ্চিত হয়েছিল রাজশাহীর হার। দ্বিতীয় দিনে সেটাই হলো। রাজশাহীর বিপক্ষে ইনিংস ও ১১ রানে জিতেছে ঢাকা। অন্য ম্যাচে উড়তে থাকা সিলেটকে তাদের ঘরেই বিপাকে পেলেছে বরিশাল। ঢাকা মেট্রো কক্সবাজারে ছোটাচ্ছে রানের ফোয়ারা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে রাজশাহী মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল, ঢাকা ১৮১ রান করলেও লিড পেয়েছিল ১৩৯ রানের। রাজশাহীর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৮ রানে। ঢাকার পেসার এনামুল হক ৫ উইকেট নেন। তবে ম্যাচসেরা হয়েছেন সুমন খান।
আরেক ম্যাচে সিলেটের পেসার রেজাউর রহমান রাজা বরিশাল বিভাগের বিপক্ষে ৫ উইকেট নেন। তাতে বরিশাল থামে ৩০৪ রানে। সিলেট দিন শেষ করেছে ৬ উইকেটে ২১৭ রানে।
