মরুর বুকে রেকর্ড ভাঙা নিলাম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:১০ এএম

নিলাম হলো সেই মঞ্চ, যেখানে দামের অঙ্ক ঘুরে বদলে দেয় জীবনের গতিপথ। প্রতিটি বিড যেন এক নতুন আশা, এক নতুন গল্পের জন্ম দেয়। যেখানে ক্রিকেটারদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের প্রথম দিনেই। সৌদি আরবের জেদ্দায় চলমান দুদিনব্যাপী নিলামে মোট ৫৭৭ জন ক্রিকেটার থেকে গতকাল ৮৪ জনের নাম উঠেছে। সেখানে ইতিহাস গড়া রেকর্ড দামে দল পেয়েছেন রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার।

ভারতকে বিশ্বকাপ জেতানো পেসার আর্শদীপকে ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংস কিনে নেওয়ার পর গতবার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে পেতে লড়াইয়ে নামে সবাই। তার দিকে ঝুঁকে ছিল বেশি পাঞ্জাব কিংসই। শেষ পর্যন্ত লড়াইয়ে জেতে তারা। আগের সবচেয়ে দামি মিচেল স্টার্কের চেয়ে দুই কোটি বেশি ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় প্রীতি জিনতার কিংস।

তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিট পরই যখন রিশাভ পান্তের নাম ওঠে, তখন লড়াইয়ে নামে হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। দাম যখন ২৫ কোটিতে, ‘আরটিএম কার্ড’ ব্যবহারের সুযোগ ছিল দিল্লির। কিন্তু সেটা টপকে লখনৌ দাম হাঁকায় ২৭ কোটি। দিল্লি হাল ছেড়ে দিলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উত্তর প্রদেশের ফ্র্যাঞ্চাইজিতে ভেড়েন তিনি। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২০২৩ আসরটি খেলতে পারেননি। শিরোপা জেতানো আরেকজন ভেংকটেশ আইয়ারকে ছেড়ে দিয়েও ২৩.৭৫ কোটিতে কিনে নিয়েছে কেকেআর। কেকেআরের আরেকজন মিচেল স্টার্ককে প্রায় ১৩ কোটি কমে পেয়েছে দিল্লি ক্যাপিটালস (১১.৭৫ কোটি রুপিতে)।

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের ১২ জনের ভাগ্য নির্ধারিত হবে আজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত