নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে একটি হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, গত ২৭ আগস্ট বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে কুপিয়ে জখম করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দেন। এরপর তিনি গোপনে ঢাকার ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। গত রবিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক বাসিন্দা রাজ্জাকের অবস্থানের বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে খবরটি ছড়িয়ে দেন। পরে তারা তাকে ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টের কক্ষ থেকে আটক করে মারধর করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিএনপি নেতা তোতা হত্যা মামলার আসামি রাজ্জাককে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভাটারা থানার পুলিশের সঙ্গে কথা হয়েছে। আটক রাজ্জাককে তোতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হবে। এরপর আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।’
