নানা অঙ্গনের ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটি। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী। গতকাল প্রকাশিত কমিটিতে চমক হলো, এই কমিটিতে রাখা হয়েছে সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের। যেখানে ছাত্র প্রতিনিধি, ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেসকোর প্রতিনিধিও আছেন। তাদের অধীনে পরিচালিত হবে দেশের সব ধরনের পেশাদার ফুটবল লিগ।
৯ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, জ্যেষ্ঠ ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জামান চৌধুরী, ফর্টিজ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফর্টিজ গ্রুপের পরিচালক শাহীন হাসান। চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটবল গ্রুপগুলোয় সেলিম সাদ হিসেবে পরিচিত, ইউনেসকোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাশশির।
