স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস। মৃত জিদনী আক্তার বৈলারকান্দি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন ছাত্রলীগ নেতা সুমন মিয়া। এসব বিষয় পরিবারকে গত মঙ্গলবার রাতে ভিডিওকলে জানালে ক্ষুব্ধ হন তিনি। এরপরই জিদনী আক্তারকে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি পরিবারের সদস্যদের।

নিহতের চাচা আহসান হাবিব বলেন, ‘আমাদের মেয়ের কাছে নানাভাবে যৌতুকের দাবিতে করত সুমন। এ কথা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করায় জিদনীকে পিটিয়ে হত্যা করা হয়।’

এদিকে মৃতের স্বামী সুমন মিয়া দাবি করছেন, তার স্ত্রী জিদনী আক্তার (২৩) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। পরে সে মারা যায়।

এদিকে একইদিন হাসপাতালে লাশ নিয়ে গেলে দুপক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকেই নিবৃত করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করেন। এ সময় অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত