ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ম্যাচে (বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ) গেল ২২ নভেম্বর বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল মোহামেডান কিংস অ্যারেনায়। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেছিল মোহামেডান। হারের পর মোহামেডান কোচ আলফাজ আহমেদ সমর্থকদের ছোড়া স্মোক ফ্লেয়ারকে দায়ী করেছিলেন।
মোহামেডান ক্লাব কর্র্তৃপক্ষ সেই ঘটনার বিস্তারিত উল্লেখ করে বাফুফে সাধারণ সম্পাদক বরবার চিঠি দিয়ে যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছে। পাশাপাশি বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তাহীনতার জন্য ভবিষ্যতে কোনো ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছে মোহামেডান।
মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠিতে তারা উল্লেখ করেছেন ম্যাচের প্রথমার্ধে ঐ অংশে দর্শক-সমর্থক ছিল না এবং দ্বিতীয়ার্ধে পরিকল্পিতভাবে সেখানে দর্শক প্রবেশ করে। মোহমেডানের গোলরক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভুভুজেলার বাঁশিতে বিরক্ত করেছে। এক পর্যায়ে বসুন্ধরা কিংসের সমর্থকরা মোহামেডানের ফুটবলারদের ওপর স্মোক ফ্লেয়ার ছুড়ে মারে।
