দেশে এ বছর ঢাকা দক্ষিণে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন যে চারজন মারা গেছে, তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণের। এ নিয়ে এই সিটি করপোরেশনে মৃত্যু দাঁড়াল ২০১ জনে। এই সংখ্যা এ বছর মোট মৃত্যুর ৪২ শতাংশ।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৮৮ জনের, যা বছরে মোট মৃত্যুর ৬১ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তরে মারা গেছে ৮৭ জন। এরপর বরিশাল বিভাগে ৫৪, চট্টগ্রাম বিভাগে ৪৭, ঢাকা বিভাগে ৩, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ছয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন যে চারজন মারা গেছে, তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণে ও দুজন বরিশাল বিভাগে ভর্তি ছিল। মৃতদের তিনজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে এ মাসের গত ২৭ দিনে ১৬০ জনের মৃত্যু হলো। এই সংখ্যা বছরের অন্যান্য মাসের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত অক্টোবরে ১৩৫ জনের ও তৃতীয় সর্বোচ্চ সেপ্টেম্বরে ৮৭ জনের। এছাড়া আগস্টে ৩০, জানুয়ারিতে ১৬, জুলাইয়ে ১৪, মে’তে ১২, জুনে আট, মার্চে ছয়, ফেব্রুয়ারিতে পাঁচ ও এপ্রিলে দুজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮৮৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৮২ জন পুরুষ ও ৩০৬ জন নারী। সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন। এরপর ঢাকা উত্তরে ১৮৮, খুলনা বিভাগে ১১৭, ঢাকা দক্ষিণে ১০৫, চট্টগ্রাম বিভাগে ৮০, বরিশাল বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৩৯, ময়মনসিংহ বিভাগে ৩৭, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসের গত ২৭ দিনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭৮৬ জন। অর্থাৎ দিনে গড়ে ১ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। এ বছর সর্বোচ্চ রোগী পাওয়া গেছে গত অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন। এ মাসের রোগী দ্বিতীয় সর্বোচ্চ ও তৃতীয় সর্বোচ্চ রোগী সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬০৩ জন। তাদের মধ্যে ৫৬ হাজার ৬৩৮ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৩২ হাজার ৯৬৫ জন বা ৩৭ শতাংশ নারী। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটিতে ১৯ হাজার জন ও সর্বনিম্ন তিনজন গাজীপুর সিটি করপোরেশনে।
