নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আদিবাসী, দলিত বা পিছিয়ে পড়া কোনো গোষ্ঠী কোনোরকম যেন বৈষম্যের শিকার না হয়। ভোটাধিকার থেকে শুরু করে আইনি অধিকার এগুলো যেন প্রতিষ্ঠিত হয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, প্রতিবন্ধীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘ভোটার তালিকা নিয়ে আদিবাসী সম্প্রদায় ও অন্য বিভিন্ন সম্প্রদায়ের সমস্যা আছে। আমার পরিবারের সদস্যদের নামেও ভুল আছে। এ ব্যাপারে আমরা সুপারিশ করব। আমাদের জন্য অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতে যত অন্যায়, বৈষম্য করা হয়েছে, তা দূর করার সুযোগ এসেছে।’
তিনি আরও বলেন, এমন একটা দেশ গড়তে চাই, যেখানে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। যেই চেতনা থেকে আন্দোলন হয়েছে, সেই চেতনার ভিত্তিতেই আমরা পরিচালিত হতে চাই।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের অনেকগুলো অসংগতি আছে, যা আমরা চিহ্নিত করেছি যেমন দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে, নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি, ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য আসন সংরক্ষণ, যা অতীতের সংলাপে জোরালোভাবে এসেছে; আমরা এগুলো সততার সঙ্গে নোট নিয়েছি।’
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘গত তিন নির্বাচনে যে ভয়াবহতা হয়েছে, সেটা কি সামনেও হবে? এজন্য রাজনৈতিক ক্ষমতায়ন হতে হবে আদিবাসীদের মধ্যে। ছাত্র-জনতার মুভমেন্ট হয়েছে, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দরকার আছে। আমি আদিবাসী থাকব, কারও সঙ্গে সম্পৃক্ত থাকব না এই চিন্তা থেকে বেরিয়ে আসব।’
