ইউরোপের দেশ কসোভোয় গত শুক্রবার একটি বিস্ফোরণের ঘটনায় প্রধান দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহের খাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুরতি এ ঘটনার জন্য প্রতিবেশী সার্বিয়াকে দায়ী করেছেন।
এক সংবাদ সম্মেলনে আলবিন কুরতি বলেন, ‘আমাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার জন্য এই বিস্ফোরণ একটি অপরাধমূলক ও সন্ত্রাসী হামলার ঘটনা।’
কসোভোর প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘পেশাদার ব্যক্তিদের দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা বিশ্বাস করছি, সার্বিয়া থেকে পরিচালিত গ্যাং সদস্যরাই এটা ঘটিয়েছে।’ শুক্রবার কসোভোর সংকটপূর্ণ উত্তরাঞ্চলের জুবিন পোটোক শহরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানকার একটি খাল ক্ষতিগ্রস্ত হয়। ওই খাল দিয়ে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের চুল্লি শীতল করার কাজে পানি সরবরাহ করা হয়। কসোভোয় চাহিদার বেশির ভাগ বিদ্যুতের জোগান দেয় ওই দুই কেন্দ্র।
