নিজেদের সংস্কৃতি প্রকাশের মধ্য দিয়ে গারো জনগোষ্ঠী গতকাল রবিবার পালন করল নবান্ন উৎসব। এই উৎসব ওয়ানগালা উৎসব হিসেবে পরিচিত। গারো সম্প্রদায়ের বিশ^াস মতে, নতুন ফল ও ফসল ঘরে ওঠার আগে কৃতজ্ঞতা জানাতে হয় শস্যদেবতার প্রতি। শস্যদেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির জন্য নেচে- গেয়ে উদযাপন করা হয় ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয় শস্যদেবতার কাছে।
ওয়ানগালা উদযাপন কমিটির আয়োজনে শ্রীমঙ্গল ফুলছড়া গারো লাইনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার ড. জেমস শ্যামল গমেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন। অনুষ্ঠানস্থলের আশপাশে গারো জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।
ওয়ানগালা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সামুয়েল যোসেফ হাজং বলেন, ‘এটি আমাদের নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার পর আমরা দেবতার কাছে ফসল উৎসর্গ না করে খাই না। ওয়ানগালা গারোদের অনেক প্রাচীন একটি উৎসব। ওয়ানগালা অনুষ্ঠান মূলত অগ্রহায়ণ মাসেই হয়। তখন নতুন ফসল ঘরে ওঠে। দেবতার সন্তুষ্টির পাশাপাশি আমাদের আয়োজনের লক্ষ্য থাকে, আমাদের ভাষা সংস্কৃতিকে জাগ্রত রাখা। নতুন প্রজন্ম যাতে এগুলো ধরে রাখে।’
