ক্যানসারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা চালু হলো বারডেম হাসপাতালে। ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং’ বা এনজিএস প্রযুক্তির মাধ্যমে ক্যানসারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসাসেবা দেওয়া হবে।
এই লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো ক্যানসার ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।
গতকাল সোমবার বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন এ কার্যক্রমের উদ্বোধন হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এমএ হাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী।
