২৮ প্রতিষ্ঠান নিয়ে বিভাগীয় ফার্নিচার মেলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

নতুন যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলায় ২৮ প্রতিষ্ঠান তাদের তৈরিকৃত নান্দনিক ফার্নিচারের ডিসপ্লে করবে।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্টের ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। একসঙ্গে থাকার সুফল এটি। আশা করবো, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’

অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’

তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে।প্রতিষ্ঠান গুলো ফার্নিচারে এনেছে বৈচিত্র্য ও নান্দনিকতা। তাই আশা করি ক্রেতাদের এতে আগ্রহ বাড়বে।

ফার্নিচার মেলায় আসা নাজনিন নামের এক ক্রেতা বলেন, প্রতি বছর এ ধরনের মেলা থেকে বাসার জন্য প্রয়োজনীয় ফার্নিচার কেনার চেষ্টা করি। কারণ এখানে আসলে এক ছাদের নিচের অনেক প্রতিষ্ঠানের দেখা পাওয়া যায় সাথে মূল্যছাড় থাকায় পছন্দ করে নেয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট এসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সপোর্ট এসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান।

বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাছির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত