সড়কে জীবন থেকে ছিটকে গেল শিক্ষার্থী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ এএম

স্কুলছাত্র দুই বন্ধু পরিকল্পনা করে এক দিন তারা খেজুরের রস খেতে যাবে। পরিকল্পনা অনুয়ায়ী গতকাল বুধবার সকালে মোটরসাইকেল যোগে শ্রীপুরের টেংরা বেকাশহরা গ্রাম থেকে সাইটালিয়া গ্রামে যাচ্ছিল। কিন্তু খেজুরের রস আর খাওয়া হলো না। আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বন্ধুর। আরেক বন্ধুর অবস্থা গুরুতর। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা-সাইটালিয়া আঞ্চলিক সড়কের ম-লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পিকআপের ধাক্কায় প্লাইউড কারখানার শ্রমিক নিহত : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফরিদপুরে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় প্রাণ গেল চালকের : ফরিদপুরের সদরপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন আশরাফুল আলম আশিক (২৩) নামে এক তরুণ। গতকাল বুধবার সকালে সদরপুর উপজেলার স্কাউট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল আলম আশিক সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদের ছেলে।

প্রতিবেদনটি সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত