নাটোরে যুবলীগ কর্মীকে পেটাল বিএনপি কর্মীরা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলা এক যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে বিএনপির কর্মীরা। তার নাম রুবেল (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে লাঠিসোঁটা দিয়ে পেটানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী।

আহত রুহুল আমিন রুবেল জানান, গত বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেল করে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে রুবেলের চলন্ত মোটরসাইকেলের সামনে রাস্তার ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেয় অজ্ঞাতপরিচয়ের কয়েকজন। এতে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রুবেল রাস্তার পাশে খাদে পড়ে যান। এ সময় পাশ থেকে বিএনপিকর্মী হায়দারের নেতৃত্বে শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু, সরমানসহ ২৫-৩০ জন বিএনপিকর্মী তাকে ঘিরে ধরে রড দিয়ে উপর্যুপরি পেটায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. আবদুর রাকি বলেন, রুবেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারপিটের কারণে ওই পা ও বাম হাতের দুটো হাড় ভেঙে গেছে।

এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত