বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এ সময় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
অলি আহমদ বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে বেশি করলে কাউকে ছাড় দেব না।’
তিনি বলেন, ‘কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়। তবে বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে মানুষ তার উচিত জবাব দেবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।’
অলি আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ভারতের দালাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেব না।’
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলের ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার আহ্বান জানান তিনি। এলডিপি সর্বদা এই সরকারের সঙ্গে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন অলি আহমদ।
সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
